শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শসার হাট জমজমাট, দৈনিক কোটি টাকার লেনদেন

  •   সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চরবর্ধনগাছা এলাকায় জমে উঠেছে শসার পাইকারি হাট। বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি স্থানীয় চাষিরা, আর কেনাবেচার হাঁকডাকে সকাল থেকেই মুখর থাকছে পুরো হাট প্রাঙ্গণ।

​ভোরের আলো ফোটার আগেই কৃষকরা খেত থেকে তাজা শসা তুলে হাটে নিয়ে আসছেন। হাটে আনার পর শসা পরিষ্কার করে ধোয়া, স্তূপ করে সাজানো এবং বস্তাবন্দী করার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও চাষিরা। পাইকার ও আড়তদারদের দরকষাকষি ও হাঁকডাকে জমজমাট হয়ে উঠছে চরবর্ধনগাছার এই হাট।

​সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাটে বর্তমানে প্রতি মণ শসা ৯৫০ টাকা থেকে ১,০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার শসা প্রতিদিন ট্রাকভর্তি হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। সব মিলিয়ে এই হাটে প্রতিদিন আনুমানিক এক কোটি টাকার শসা কেনাবেচা হচ্ছে।

​বাম্পার ফলন ও কাঙ্ক্ষিত দামে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় চাষিরা। শসা চাষি মেছের আলী বলেন, “এবার শসার বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো লাভ হবে বলে আশা করছি।”

​আরেক শসা চাষি জব্বার শেখ বলেন, “প্রতি মণ শসা ৯৫০ টাকা থেকে ১,০০০ টাকা দরে বিক্রি করছি। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে আমাদের বেশ ভালো লাভ হচ্ছে।”

​স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মতে, সঠিক বাজারজাতকরণ ও পরিবহন সুবিধা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতেও এই হাটে শসার বাণিজ্য আরও প্রসারিত হবে বলে তারা আশা করছে ।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top