প্রশাসনে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীদের চিহ্নিত করতে না পারলে সরকার বারবার বিপাকে পড়বে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
তিনি অভিযোগ করে বলেছেন, ‘প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থাকা আওয়ামী লীগের অনুসারীরা সরকারের স্পর্শকাতর তথ্য দলটির কাছে পাচার করছেন।’
বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন গণঅধিকারের এ মুখপাত্র।
আবু হানিফ তার পোস্টে বলেন, ‘প্রশাসনে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করতে না পারলে সরকার বারবার বিপাকে পড়বে। সম্প্রতি গোপালগঞ্জে তাণ্ডবে সম্পৃক্ততার অভিযোগে এসআরবি-১৪-এর কমান্ডার আবুল হাসানকে আটক করা হয়েছে। এর আগে সরকারের তথ্য আওয়ামী লীগের কাছে পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চট্টগ্রামের এক পুলিশ সুপার ও ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসিকে রাষ্ট্রবিরোধী আইনে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হতো। জুলাই গণ-অভ্যুত্থানের পর নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়েছেন, আবার অনেকে কারাগারে রয়েছেন। তবে প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগের অনেক অনুসারীকে এখনো চিহ্নিত করা যায়নি।’
তার অভিযোগ, এসব ব্যক্তি বিভিন্নভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করছেন এবং সরকারের স্পর্শকাতর তথ্য দলটির কাছে পাচার করছেন।
পোস্টের শেষে আবু হানিফ বলেন, ‘প্রশাসনে থাকা ‘গুপ্তলীগ’ চিহ্নিত করা জরুরি। তা না হলে সুযোগ বুঝে তারা যেকোনো সময় সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন।’



