রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাইকারা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. বাবলু শেখ। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের বাসিন্দা এবং সাদেক ডাক্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীগামী একটি মাহিন্দ্রার সঙ্গে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক বাবলু শেখের মৃত্যু হয় এবং গাড়িতে থাকা কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মাহিন্দ্রা চালকের মৃত্যু হয়েছিল। আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
পাংশা হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




