বিগত সরকার দেশকে এক ভঙ্গুর দশায় রেখে গিয়েছিল। সেই জঞ্জাল ও সংকট পেরিয়ে বর্তমান সরকার যে স্বাভাবিকভাবে দেশ পরিচালনা করতে পারছে, সেটিকে অনেক বড় অর্জন বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘আজকে আমাদের জনগণের সরকারের ১৮০ দিন পূর্তি। আমি শুধু বলবো, এই সরকার যে স্বাভাবিকভাবে চলছে, এটাই আপনাদের কাছে অনেক কিছু।’
বিগত সরকারের রেখে যাওয়া পরিস্থিতির সমালোচনা করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বিগত সরকার যে জঞ্জাল, যে অবস্থায়, ভঙ্গুর দশায় দেশকে রেখে গেছে, আমরা যে সরকার পরিচালনা করতে পারছি, তারেক রহমান সরকার যে পরিচালনা করতে পারছেন, এটাই কিন্তু অনেক বড় কিছু।
এর আগে বক্তব্যের শুরুতেই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।




