খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের দায়ে মিত্র ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে দীঘিনালা থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে মিত্র ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানের সময় বাজারের অন্যান্য ফার্মেসিতেও ওষুধের সংরক্ষণ ব্যবস্থা, মেয়াদ, লাইসেন্স এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। একই সঙ্গে ফার্মেসি মালিকদের কেবল অনুমোদিত ওষুধ বিক্রি এবং প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, “জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”











