কুমিল্লার দেবিদ্বারে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ‘মোসলেম ফুড এন্ড বেভারেজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ ৯ জুন (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা অফিস, কুমিল্লা যৌথভাবে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযান সূত্রে জানা যায়, দেবিদ্বারের রাজামেহার ইউনিয়নের মরিচা এলাকার ‘মোসলেম ফুড এন্ড বেভারেজ’ দীর্ঘদিন ধরে বিএসটিআই-এর মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই পণ্য বাজারজাত করে আসছিল। আজ দুপুরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে এবং ৪১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ বিষয়ে জানতে চাইলে অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ফয়সাল উদ্দীন বলেন, ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করে এবং আইনি প্রক্রিয়া অমান্য করে কোনো পণ্য তৈরি বা বাজারজাত করতে দেওয়া হবে না। মোসলেম ফুড এন্ড বেভারেজ লাইসেন্স ছাড়া মোড়ক ব্যবহার করায় এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে আইনি সহায়তা প্রদান করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. ইকবাল আহাম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) জনাব মো. শামস তাবরেজ।অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসন ও বিএসটিআই-এর এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।












