নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ কিশোরগ্যাং এর দুই লিডার গ্রেপ্তার

নওগাঁর মান্দায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুলতান ও পারভেজ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ধারালো ডেগার, খেলনা পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মান্দা থানার কুসুম্বা ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় সুলতান ও পারভেজ বেশ কিছুদিন ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তোলে। এরপর তারা ওই গ্যাংয়ে স্থানীয় কিশোরদের যোগ দিতে বাধ্য করত। কেউ যোগ দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধরসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হতো। একই সঙ্গে তারা এলাকায় বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এরমধ্যে গত ২৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তুরুকবাড়িয়া এলাকায় সাফিয়াল জাবের নিরব নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে সুলতান ও পারভেজের নেতৃত্বে গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে মান্দা থানা পুলিশ। পরদিন ২৬ আগস্ট রাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে আবারও গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় মান্দা থানায় মামলা করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পর আমার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা থানা, রাণীনগর থানা এবং মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাওনের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্তে অভিযান পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণে তারা জানতে পারে সুলতান ও পারভেজ ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপর নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি বগুড়া জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালিয়ে রাতে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ এলাকায় ঢাকাগামী একতা পরিবহনের বাসে অভিযান চালিয়ে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার বলেন, পরে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও মান্দার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। এরপর সুলতান ও পারভেজকে সঙ্গে নিয়ে তাদের দেখানো মতে সুলতানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষের চালের কার্নিশের ওপর থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল ও একটি ধারালো ডেগার উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় বহুল আলোচিত চৌকিদারের ছেলের হত্যা মামলাসহ সাইবার সুরক্ষা আইন, মারামারিসহ মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তারা দুজন প্রায় আট মাস কারাগারে ছিলো। গ্রেপ্তার দুজনের মধ্যে সুলতান ও পারভেজ প্রায়ই পকেটে সুইচ গিয়ার চাকু রাখত এবং তা দিয়ে মানুষকে আঘাত করত। তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top