নওগাঁর মহাদেবপুরে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় শুকুর আলী (৫৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মেয়ে জামাই সাদ্দাম হোসেন (৩৪) আহত হলেও অলৌকিকভাবে অক্ষত রয়েছেন সাথে থাকা ১০ বছরের এক নাতি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার পাইকরা গ্রামের বাসিন্দা। আহত সাদ্দাম হোসেন একই গ্রামের জিয়ার আলী মন্ডলের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছাতুনতলী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে কন্যযাত্রী হিসেবে আসেন শুকুর আলী। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় মেয়ে জামাই ও নাতিকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম নিয়ামতপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি ছাতুনতলী-দেবীপুর মোড়ের মাঝামাঝি এলাকায় পৌঁছালে মহাদেবপুর থেকে শিবপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের সামনে থেকে প্রচণ্ড ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক শুকুর আলীর মৃত্যু হয়। এ সময় পেছনে থাকা জামাই সাদ্দাম হোসেন আহত হন এবং শিশু নাতিটি অলৌকিকভাবে কোনো আঘাত ছাড়া বেঁচে যায়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘাতক ট্রাকটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।




