বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ জুলাই ২০২৬) উপজেলার কাচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেলু হাওলাদার বাড়িতে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. খায়রুল ইসলাম মাল্লিক, কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. শামীম আহমেদ এবং বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গৌরিদ মণ্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মা, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে প্রকৃত কৃষকদের একটি সমন্বিত ও নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি, প্রণোদনা, কৃষিঋণ এবং অন্যান্য কৃষিসেবা দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে। একই সঙ্গে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, তথ্য সংগ্রহ কার্যক্রমে কৃষকদের সঠিক তথ্য প্রদান এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে প্রকৃত কৃষকেরা সরকারের সব ধরনের কৃষি সুবিধা ও সেবা সহজে গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের কৃষক কার্ড কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং তথ্য সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন।
স্থানীয় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলায় কৃষক কার্ড বাস্তবায়নের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে প্রকৃত কৃষকদের সঠিক তথ্যভাণ্ডার তৈরি হবে এবং ভবিষ্যতে কৃষি খাতে সরকারি সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।











