মধ্যপ্রাচ্যে যুদ্ধের অস্থিরতা ও স্থায়ী শান্তির অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে ফের বড় ধরনের লাফ দিয়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও টেকসই কোনো শান্তি অধরা থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।
বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন থেকে জানা যায়, কূটনৈতিক প্রক্রিয়ার দ্রুত পরিবর্তন ও ওঠানামা বাজারে দীর্ঘমেয়াদি সংকেত ও সাময়িক গুঞ্জনের মধ্যকার পার্থক্য নির্ধারণ করা আরও কঠিন করে তুলেছে।
রাতের বেলা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘটিত সামরিক হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ব্যারেল প্রতি ৩.২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৬.৮৬ ডলারে পৌঁছেছে। এর মাধ্যমে টানা তিন দিন দরপতনের ধারায় ইতি টেনে আবারও ঊর্ধ্বমুখী হলো অপরিশোধিত তেলের বাজার।











