মাদক প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর: এসপি তারিকুল

মান্দায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা ও অপরাধ দমনে সচেতনতামূলক পথসভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা ও অপরাধ দমনে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাট বাসস্ট্যান্ড সংলগ্ন নারায়ণ মেনশনের সামনে এ সভার আয়োজন করা হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদক প্রতিরোধে জেলা পুলিশ সম্পূর্ণ বদ্ধপরিকর। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা জনগণের পাশে আছি, আপনারাও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দুর্গ গড়ে তুলুন।”
ব্যবসায়িক এলাকা হিসেবে সতীহাটের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, একটি চিহ্নিত প্রতারক চক্র বিদেশি কয়েন কিংবা জাল টাকার লোভ দেখিয়ে সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের প্রতারিত করে আসছে। এ বিষয়ে সবাইকে চরম সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জোর তাগিদ দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন  চকদার।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা-নিয়ামতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ শাওন, সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, ওসি (তদন্ত) আলিফ উদ্দিন এবং সতীহাট বাজার বণিক সমিতির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল এবং বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুর রাজ্জাক শেখ প্রমূখ। এছাড়া স্থানীয় ইউপি সদস্য শামসুল ইসলাম, আলিম উদ্দিন, বিমল কুমার, শাহাদত হোসেন, কামরুল ইসলামসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ব্যবসায়ীরা পথসভায় অংশ নেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন