বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর ম্যাচে বুধবার (১৭ জুন) রাত ১১ টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) মুখোমুখি হচ্ছে পর্তুগাল। কাগজে-কলমে শক্তির বিচারে পর্তুগাল এগিয়ে থাকলেও আফ্রিকার প্রতিনিধিদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর ফিফা র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে ডিআর কঙ্গো। দলটি ৫৬তম স্থান থেকে উঠে এসেছে ৪৫তম স্থানে। তবে সর্বশেষ র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা পর্তুগালই ম্যাচটির স্পষ্ট ফেভারিট।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার ম্যাচটি নিয়ে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়েছে। সেই বিশ্লেষণে দেখা গেছে, ৫৪.৬ শতাংশ ক্ষেত্রে জয়ী হয়েছে পর্তুগাল। অন্যদিকে ড্রয়ের সম্ভাবনা ২২.৩ শতাংশ। ডিআর কঙ্গোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৩.১ শতাংশ।
তবে পরিসংখ্যান পুরো গল্প বলে না। আফ্রিকার দলগুলো বড় আসরে চমক দেখানোর ইতিহাস রয়েছে। সেবাস্তিয়ান দেসাব্রের শিষ্যরা সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে। যদিও বিশ্বকাপে ফেরার পর প্রথম ম্যাচেই ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের মতো শক্তিশালী প্রতিপক্ষ পাওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ।
এদিকে মাঠের লড়াইয়ের বাইরে আরেকটি রেকর্ডের সন্ধানে আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একমাত্র ফুটবলার হিসেবে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডের খুব কাছাকাছি রয়েছেন তিনি। অন্যদিকে ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে লিওনেল মেসি একটি নতুন ইতিহাস গড়েছেন। ফলে বিশ্বকাপের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ফুটবলের এই দুই কিংবদন্তি।











