বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হওয়ায় সৈয়দ তৌফিক আহমেদ নীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৩ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের কমিটি বিলুপ্ত করে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে মোট আট সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ তৌফিক আহমেদ নীরকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
এ ঘোষণার পর মুরাদনগর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সৈয়দ তৌফিক আহমেদ নীরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং দলীয় কার্যক্রম গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে সৈয়দ তৌফিক আহমেদ নীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের যে আস্থা ও দায়িত্ব তাঁর ওপর অর্পণ করা হয়েছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে তিনি সকল নেতাকর্মীর সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা নতুন নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে দল আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।











