জাতীয় সংসদে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ পাস হওয়ায় আনন্দ মিছিল করেছে বগুড়া জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশসহ বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে পূর্ববর্তী ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ বাতিল করে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি ভিত্তি নিশ্চিত করা হয়েছে।
জাতীয় সংসদে বিলটি পাস হওয়ার পর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। কলেজ ও শহর ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ। তারা বলেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দীর্ঘদিনের গণদাবি ছিল। জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল–২০২৬’ পাসের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে একটি ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার আরও বিস্তৃত সুযোগ পাবে এবং বগুড়ার শিক্ষা, গবেষণা, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং এ অর্জনকে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার বিকাশে এক নতুন দিগন্তের সূচনা বলে অভিহিত করেন।











