নওগাঁয় অটোচার্জারের ধাক্কায় প্রাণ গেল শিশুর

নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় অটোচার্জারের ধাক্কায় শবনম ফারিয়া (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শবনম ফারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. জাকির হোসেনের একমাত্র কন্যাসন্তান। পরিবার সূত্রে জানা যায়, মো. জাকির হোসেন মহাদেবপুর উপজেলার ঘোষপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শবনম ফারিয়ার ভাইয়ের লেখাপড়ার সুবিধার জন্য সে তার মা ও নানির সাথে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকত। বুধবার বিকেলে শবনম তার নানির সঙ্গে বাসার বাইরে বের হয়। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোচার্জার তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় শবনম রাস্তায় ছিটকে পড়লে অটোচার্জারটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ বিষয়ে এখনও থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top