বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো: সাইদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ জুন, ২০২৬) রাত ৯:০০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন রায়পাশা কড়াপুড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার ‘অভিযান-৪ পার্টি’র এসআই (নি:) মো: আকতার হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল রায়পাশা কড়াপুড় এলাকায় মাদক উদ্ধার অভিযানে নামে। সঙ্গীয় অফিসার হিসেবে অভিযানে অংশ নেন এএসআই (নি:) আ: হালিম, এএসআই (নি:) সুজন চন্দ্র দে, এএসআই (নি:) সুমন মিয়া এবং এএসআই (নি:) সোহেল রানা।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়পাশা কড়াপুড় এলাকা থেকে মো: সাইদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত সাইদ রায়পাশা কড়াপুর ইউনিয়নের ধর্মাদী গ্রামের মৃত, জয়নাল হাওলাদারের ছেলে।
এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে এয়ারপোর্ট থানা পুলিশের এই মাদক বিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। এলাকাবাসী জানান, এয়ারপোর্ট থানা পুলিশের মাদক বিরোধী ভূমিকা আসলেই প্রশংসনীয়। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এ ধরণের কঠোর অভিযান অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।











