বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী গ্রামের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইব্রাহিম শেখ উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামের বাসিন্দা মুক্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়ারী গ্রামের আব্দুর রহমানের মাঠের মধ্যে থাকা একটি সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। স্থানীয়দের ধারণা, ওই সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলের পাশের ইসহাক মোল্যার ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় আব্দুর রহমান বলেন, সকালে তার ভাতিজি তাল কুড়াতে গিয়ে মাঠের ধানখেতের মধ্যে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশকে জানানো হয়।
তিনি আরও বলেন, ইব্রাহিমের হাতে বিদ্যুতের তার পেঁচানো ছিল এবং কোমরে একটি কাটিং প্লাস গোঁজা অবস্থায় পাওয়া যায়। তার দাবি, সেচপাম্পের মোটর ও বিদ্যুতের তার চুরি করতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানখেত থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধানখেত থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top