চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর এলাকায় সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত মারধরের ঘটনায় গুরুতর আহত আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন পাটওয়ারী (২৮) পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ পৌরসভার দক্ষিণ দীঘলদী গ্রামের আকরাম আলী পাটওয়ারী বাড়িতে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। নিহত আব্দুল মান্নান পাটওয়ারী ওই বাড়ির মৃত সিডু পাটওয়ারীর ছেলে। তিনি একসময় ফার্নিচার ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে অবসর জীবনযাপন করছিলেন। অভিযুক্ত সুমন পাটওয়ারী একই বাড়ির আরব আলী পাটওয়ারীর ছেলে।
স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, গত শনিবার (৩০ মে) বিকেলে মান্নান পাটওয়ারীর ছোট ভাই প্রতিবন্ধী হারুন পাটওয়ারী বাড়ির সামনে নিজের দাবি করা জায়গায় একটি গাছ রোপণ করেন। পরে অভিযুক্ত সুমনের মা গাছটি উপড়ে ফেললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন পাটওয়ারী তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে এসে হারুন পাটওয়ারী ও তার স্ত্রীকে মারধর করেন।
এ সময় মাগরিবের নামাজ শেষে বাড়িতে ফিরে পরিস্থিতি জানতে চাইলে আব্দুল মান্নান পাটওয়ারীকেও সুমন পাটওয়ারী ও তার সহযোগীরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন স্বজনরা। এতে তিনি গুরুতর আহত হন।
নিহতের চাচাতো ভাই তাজুল ইসলাম পাটওয়ারী জানান, মারধরের ঘটনায় মান্নান পাটওয়ারী গুরুতর আহত হলে প্রথমে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের আত্মীয় নান্নু হাওলাদার বলেন, “ঘটনার সময় অভিযুক্তরা আহতদের ওপর হামলা চালালেও তাদের প্রভাবের কারণে কেউ এগিয়ে আসতে পারেনি। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারি, সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মান্নান পাটওয়ারী মারা যান।”
এদিকে স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন মৃধা অভিযোগ করেন, সুমন পাটওয়ারী মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং তার নেতৃত্বে একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। তিনি দাবি করেন, ঘটনার দিন সুমন বিপুল সংখ্যক লোকজন নিয়ে হামলা চালিয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে বলে জানান তিনি।
মান্নান পাটওয়ারীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকাল থেকে নিহতের বাড়িতে স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এ সময় এলাকাবাসী অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্ত সুমন পাটওয়ারীর বক্তব্য জানতে তার বাড়িতে গেলে বাড়ির প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। বাড়ির ভেতরে লোকজনের উপস্থিতি থাকলেও কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “মান্নান পাটওয়ারী ও সুমন পাটওয়ারীদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত মান্নান পাটওয়ারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার এবং দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।












