কচুয়ায় ওয়ারিশের জায়গা দখল করে বিল্ডিং, ঘর ভেঙে পড়লেও মেরামত করতে পারছেন না নুরুন্নবী, রাত কাটছে মসজিদে

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের বায়েক সরকার বাড়িতে ওয়ারিশসূত্রে পাওয়া জায়গা জোরপূর্বক দখল করে ঘর ও বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। জায়গা ফিরে পেতে আদালতে মামলা চলমান থাকলেও প্রভাব খাটিয়ে দখল-বেদখল চলছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন ওই বাড়ির আব্দুল খালেকের ছেলে প্রবাসী তাফাজ্জল হোসেন সরকার। ভুক্তভোগীরা হলেন তারই ফুফু হনুফা বেগম, শরুফা বেগম ও রুসিয়া বেগমের পরিবার।

যা ঘটেছে:
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাফাজ্জল হোসেন ও তার বড় ভাই নুরুল ইসলাম ওয়ারিশদের জায়গা দখলের চেষ্টা করে আসছেন। এর অংশ হিসেবে হনুফা বেগমের জায়গার গাছ-গাছালি কেটে ফেলা এবং শৌচাগার ভেঙে দেওয়া হয়।

অন্যদিকে রুসিয়া বেগমের দখলীয় ও ভরাটকৃত জায়গায় জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে হনুফা বেগম, শরুফা বেগম ও রুসিয়া বেগমের জায়গা দখল করে টিনশেড ঘর নির্মাণের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

মামলা চলছে, তবুও দখল:
এই নিয়ে ভুক্তভোগীরা চাঁদপুরের মোকাম বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। তবে মামলা চলাকালীন সময়েও স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় তাফাজ্জল হোসেন দখল অব্যাহত রেখেছেন বলে অভিযোগ। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘর ভেঙে পড়েছে, মাথা গোঁজার ঠাঁই নেই:
সবচেয়ে করুণ অবস্থা হনুফা বেগমের ছেলে ‘নুরুন্নবীর’। প্রায় এক বছর আগে তার বসতঘরটি ভেঙে পড়ে। কিন্তু প্রতিপক্ষের বাধার কারণে তিনি সেটি পুনরায় নির্মাণ করতে পারছেন না।

নুরুন্নবী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ঘর প্রায় এক বছর আগে ভেঙে পড়েছে। এখন সেটি মেরামত করতে গেলেই হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। কাঠগুলো ঘুনে পঁচে যাচ্ছে। থাকার জায়গা না থাকায় বাধ্য হয়ে মসজিদে রাত কাটাতে হচ্ছে। আমার যুবতী মেয়ের লেখাপড়া ও বিয়ের বিষয়েও সমস্যা হচ্ছে।”

তিনি আরও বলেন, “মামা ও মামাতো ভাইদের হুমকির কারণে আমরা ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। যেকোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কা করছি।”

‘১৫ শতাংশ জায়গা ফেরত চান:
ভুক্তভোগী পরিবার জানান, ৩নং বায়েক মৌজার সি.এস ৫৩৯নং, আর.এস ৬৯১নং, বি.এস ৮৪নং খতিয়ানে তাদের ১৫ শতাংশ বাড়ির জায়গা রয়েছে। তারা প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন যাতে ওয়ারিশসূত্রে পাওয়া জায়গা বুঝে পেয়ে শান্তিতে বসবাস করতে পারেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন