কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃতি শিক্ষার্থী ও হাফেজদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশনের কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী ১৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় কটিয়াদীর স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার পরিচালক ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সহসভাপতি মাওলানা শাব্বির আহমদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুফতি শামসুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি উমর আহমদ, সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ রউফ, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা ছাঈদ আহমদ, মুফতি হাবিবুর রহমান জিহাদী, হাফেজ সিরাজুল হক খান, মুফতি আবদুর রশিদ ওয়াহেদী ও হাজী ইউসুফ আলী।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে হিফজুল কোরআন সম্পন্নকারী, দাওরায়ে হাদিস উত্তীর্ণ, হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী এবং ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




