পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করার পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় চক্রটির তিন সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে চক্রের মূল হোতা পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারণার অভিযোগ জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতারা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে তাঁদের কাউখালী থানায় সোপর্দ করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার আসপরদী গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করেছে চক্রটি। মূল হোতা হিসেবে অভিযুক্ত শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিতেন। তিনি মাত্র সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় সরকারি ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান।
অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে চক্রটি। পরে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে বড় অঙ্কের টাকা সংগ্রহ করে তারা আত্মগোপনে চলে যায়। চক্রের প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত ফাহিমা এক দিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ঘটনা জানাজানি হওয়ার পর প্রতারণার শিকার নারী-পুরুষেরা কাউখালী থানায় ভিড় করেন। তাঁদের মধ্যে অর্ধশতাধিক নারীও ছিলেন। অনেকে টাকা হারানোর কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগীদের মধ্যে দিনমজুরের পাশাপাশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষকও রয়েছেন বলে জানা গেছে।
থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন নিত্যপণ্য কেনার জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েল পাওয়ার আশায় টাকা দিয়েছেন। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা ও আত্মসাৎ করা অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অভিযুক্তদের ধাওয়া করে তিনজনকে আটক করেন।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, ‘এই চক্রকে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হোতা পালিয়ে গেছে। তাঁকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ফ্যামিলি কার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রিপন নামে এক ব্যক্তির মাধ্যমেই সাত লাখ টাকার বেশি নেওয়া হয়েছে। এখন রিপন গ্রাহকদের কী বলবেন বা কীভাবে টাকা ফেরত দেবেন, তা জানা যায়নি।’
এদিকে, বিপুলসংখ্যক ভুক্তভোগীর থানায় উপস্থিতির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার কাউখালী থানায় যান। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।




