বরিশালের বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির পদে আবারও নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম। রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি আগামী মেয়াদের জন্য এ দায়িত্ব পেলেন।
রোববার (২২ নভেম্বর) উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয় এবং তাঁকে শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, বরিশাল অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল জেলা আমির ড. মাহফুজুর রহমান এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ ও সাইয়্যেদ আহমেদ খাঁন।
পুনরায় আমির নির্বাচিত হওয়ার পর রুকন সদস্য ও স্থানীয় কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. রফিকুল ইসলাম। প্রতিক্রিয়ায় তিনি জানান, বাবুগঞ্জ উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও গোছানো করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাবেন।
সকাল থেকে দিনব্যাপী চলা এই রুকন সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।



