শেয়ার করুন

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

 খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে থানা-পুলিশ। রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিববাটী সেতু-সংলগ্ন স্মরণখালী এলাকা থেকে নুরজাহান বেগমকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী আসমা খাতুনকেও আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্মরণখালী এলাকায় জিয়ারুল জমাদ্দারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাওয়ার পথে নুরজাহানকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তাঁর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ২০ হাজার টাকা।

আটক নুরজাহান বেগম পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসমাইলের স্ত্রী। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিন্টু গাজীর স্ত্রী আসমা খাতুনকে আটক করা হয়।

পরে আটক দুই নারীর দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় আজিবরের ভাড়া বাসায় তল্লাশি অভিযান চালায় পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, জাল টাকা সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এ কাজ চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। নুরজাহান বেগম এর আগেও ২০২৩ সালে জাল টাকাসহ আটক হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই কাজে জড়িয়ে পড়েন বলে জানান ওসি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top