টানা ভারী বর্ষণ ও আকস্মিক জলাবদ্ধতায় তলিয়ে গেছে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালের নিচতলা। মাত্র তিন ঘণ্টায় রেকর্ড ১০৭ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসকদের কক্ষ ও করিডোরে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন এবং কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ও কর্মচারীরা চরম বিপাকের পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির কারণে হাসপাতালের নিচতলার পুরুষ ও মহিলা ওয়ার্ডসহ জরুরি বিভাগে দ্রুত পানি ঢুকতে শুরু করে। শয্যাশায়ী অনেক রোগীর বিছানার কাছাকাছি পানি চলে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নোংরা ও দূষিত পানির কারণে হাসপাতালের ভেতরে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা চিকিৎসাসেবা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
ভুক্তভোগী রোগীরা জানান, ওয়ার্ডের ভেতরে পানি ঢুকে পড়ায় তারা শৌচাগার ব্যবহারসহ স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না। চিকিৎসক ও নার্সদেরও পানিতে ডুবে থাকা কক্ষের মধ্যেই সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতাল এলাকা ছাড়াও কুমিল্লা নগরীর কান্দিরপাড়, চকবাজার, রেসকোর্সসহ বেশ কয়েকটি প্রধান সড়ক ও নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে চলতি এইচএসসি পরীক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীকে হাঁটু পানি মাড়িয়ে, ভেজা কাপড়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেখা গেছে।
পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন জানিয়েছে, শহরের ড্রেনেজ ব্যবস্থা সচল করে দ্রুত পানি নিষ্কাশনের জন্য বিশেষ দল কাজ শুরু করেছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা করা হচ্ছে।











