ঝালকাঠিতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার- ২

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদকসেবনের অভিযোগে একজন এবং ৫০ গ্রাম গাঁজা ও নগদ ২ হাজার ২৫ টাকাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ও রাতে জেলার কীর্তিপাশা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার গোবিন্দধবল এলাকার সেলিম মিয়া (৫০) ও কীর্তিপাশা এলাকার পলাশ মজুমদার (৪৩)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সেলিম মিয়াকে একটি ভাড়াটিয়া কক্ষে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাঁর ডোপ টেস্টে অ্যামফেটামিন পজিটিভ আসে। অন্যদিকে, পলাশ মজুমদারকে কীর্তিপাশা-ভিমরুল সড়কে তাঁর বাড়ির সামনে থেকে ৫০ গ্রাম গাঁজা ও নগদ ২ হাজার ২৫ টাকাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা টাকাগুলো মাদক বিক্রির।

এ ঘটনায় সেলিম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এবং পলাশ মজুমদারের বিরুদ্ধে একই আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় পৃথক এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top