টেকনাফে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

টেকনাফে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ যৌথ অভিযানে প্রায় ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে পৌর এলাকার লামার বাজার ও এর আশেপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন, বাংলাদেশ বর্ডার গার্ড (২ বিজিবি), মৎস্য অধিদপ্তর, টেকনাফ মডেল থানা এবং নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই সাঁড়াশি অভিযান চালায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই অভিযানে মোট ১০ লাখ ১০ হাজার ৮০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এই জালের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৩ লাখ ২৪ হাজার টাকা। পরবর্তীতে জনসমক্ষে ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত এসব জাল কায়ুকখালী খালের পাড়ে আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া, উপ-অধিনায়ক মোবাশির নাকিব তরফদার, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতিকুল হক এবং সহকারী মৎস্য কর্মকর্তা মো. জহরুল হকসহ যৌথ বাহিনীর অন্যান্য সদস্যরা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনীক চৌধুরী বলেন, “মা ইলিশসহ অন্যান্য দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এবং জলজ সচল রাখতে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এ ধরনের কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top