নওগাঁর ধামইরহাট উপজেলায় মাত্র ২০০ টাকার বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীর আঘাতে মুস্তাকিন হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মা রেশমা খাতুন (৫৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন হোসেন ওই এলাকার বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বড়শিবপুর এলাকার জলিল উদ্দিনের ছেলে রতন (১৮)-এর কাছ থেকে ২০০ টাকার বিনিময়ে একটি কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন। বুধবার দুপুরে ওই জালের টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
একপর্যায়ে রতন ধারালো হাসুয়া দিয়ে মুস্তাকিনকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মুস্তাকিনের মা রেশমা খাতুনও গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের দাবি, নিহত মুস্তাকিন ও অভিযুক্ত রতন দুজনই মাদকাসক্ত ছিলেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




