সাম্প্রতিক
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা হালুয়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত রাজবাড়ীতে অটোরিকশা চালকদের বিরুদ্ধে প্রতিবাদে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর পিরোজপুর নেছারাবাদ পেয়ারা বাগানে পর্যটকদের জন্য কঠোর নির্দেশনা জারি কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করলো পুলিশ দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে

প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর

প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আজ জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তিন দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশও নিশ্চিত করে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। গাছ লাগানোই যথেষ্ট নয়, সেটিকে বড় করে তোলার দায়িত্বও আমাদের সবার।
এর আগে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মন্ত্রী।
পরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
বগুড়া সামাজিক বন বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে এ মেলা। এতে বিভিন্ন নার্সারি বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রি করছে।
বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারী বলেন, কালাই একটি কৃষিপ্রধান উপজেলা। কৃষি ও পরিবেশ একে অপরের পরিপূরক। পরিবেশ রক্ষা ও টেকসই কৃষি উন্নয়নের জন্য ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে গাছ লাগানোর সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে হবে।
জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, বৃক্ষমেলা শুধু চারা বিক্রির আয়োজন নয়, এটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সবাই যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান বলেন, বনাঞ্চল বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মেলার মাধ্যমে মানুষকে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার শাহনাজ বেগম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন মণ্ডল, পৌর আহ্বায়ক সোহেল তালুকদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপজেলার মাত্রাই ইউনিয়নের সমশিরা গ্রামে মন্ত্রীর নানা-নানির কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

Tags:

সম্পর্কিত খবর :