প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে আবু হুরায়রা নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার আবু হুয়ায়রা সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তার বাবা জিহাদুল ইসলাম বাংলাদেশ বেতারে চাকরি করতেন। বর্তমানে তিনি বরখাস্ত রয়েছেন। 
প্রতারণার এই ঘটনায় আতিকুর রহমান রুমনের অনুমোদনক্রমে তার পক্ষে মামলা করেছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক আবুল কালাম আজাদ।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা হুরায়রা হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনে বিভিন্ন রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগের কথা বলে প্রভাবশালী পরিচয় দিতেন। রাজনৈতিক পদে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েও অর্থ দাবি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ বলছে, এভাবে বিকাশের মাধ্যমে এক হাজার ৭৮৫ টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মোবাইল ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ কথোপকথন ও ডিজিটাল লেনদেনের তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। স্পর্শকাতর মামলাটি নাটোর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এর সাথে আরও কোনো ঘটনা আছে কিনা তদন্তের মাধ্যমে পরে জানা যাবে।
পুলিশ বলছে,  এর আগে আবু হুরায়রার বিরুদ্ধে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন থানায় চারটি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২০২১ সালে পাবনা সদর থানায়, ২০২২ সালে ঢাকার ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং ২০২৩ সালে ঢাকার দুটি থানায় আরও দুটি মামলা করা হয়।
এ ছাড়া ২০২৫ সালের ৬ ডিসেম্বর বগুড়ার গাবতলী থানার আমলি আদালতে তার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়েরের তথ্যও নথিতে রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top