মাদক ও জুয়ার করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার সাহারবিল ইউনিয়নে প্রথমবারের মতো আয়োজিত হলো সচেতনতামূলক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
গত শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক সংগঠন ‘সাহারবিল ইসলামী ছাত্র ও যুব পরিষদ’-এর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজনটি সম্পন্ন হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আয়োজক সূত্রে জানা যায়, সাহারবিল ১ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। এরপর বাটাখালী, মাইজঘোনা, পরিষদ চত্বর, ফাঁড়ির ঠোডা ও শাহারবিল বাজারসহ প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে দৌড়টি পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকেই সফলভাবে ফিনিশিং লাইন স্পর্শ করেন।
অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে আয়োজকদের পক্ষ থেকে উন্নতমানের টি-শার্ট, নাশতা ও মেডেল প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। এ ধরনের গঠনমূলক আয়োজন চকরিয়া, মাতামুহুরি ও পুরো কক্সবাজার জেলায় মাদক ও জুয়াবিরোধী জনমত গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
সংগঠনের সভাপতি শেফায়াত হোছাইন বলেন, “সাহারবিল ইসলামী ছাত্র ও যুব পরিষদ একটি সামাজিক ও মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের সহায়তা প্রদান, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ ও ইফতার বিতরণ, কুইজ ও হিফজুল কোরআন প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, সীরাতুন্নবী (সা.) মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্প, এবং শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন ও কৃষক সংবর্ধনাসহ নানা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছি।”
তিনি আরও বলেন, “মূলত যুবসমাজকে সর্বনাশা মাদক ও জুয়ার অন্ধকার থেকে দূরে রাখতে এবং এ বিষয়ে সমাজজুড়ে জোরালো সচেতনতা তৈরি করতেই আমাদের এই ম্যারাথন আয়োজন।”




