গণতান্ত্রিক রাজনৈতিক দল গণফোরামের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ও বাংলাদেশ সংবিধানের প্রণেতা ডঃ কামাল হোসেনের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ আগষ্ট ২০২৬, শনিবার বিকাল তিনটায় গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এই সংবর্ধনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।
গণফোরামের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের উদ্যেশ্যে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য তৌফিক ই এহছান। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডঃ আব্দুল মঈন খান, বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ দেবপ্রিয় ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক ডঃ রেহমান সোবহান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জগলুল হায়দার চৌধুরী প্রমুখ।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শুরু হলে আমন্ত্রিত অতিথিদের নিয়ে মঞ্চে আসেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডঃ মিজানুর রহমান । সংবর্ধিত নেতা ডঃ কামাল হোসেনকে প্রতিষ্ঠা বার্ষিকীর উত্তরীয় পরিয়ে দেন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রেস্ট তুলে দেন এডভোকেট সুব্রত চৌধুরী এবং তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন গণফোরামের প্রয়াত সভাপতি মোস্তফা মহসীন মন্টুর কণ্যা শ্রাবণী মোস্তফা।
সমাপনী বক্তব্যে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, জুলাই বিপ্লব আমাদের মনে এই বিশ্বাস তৈরি করে দিয়েছে যে বাংলাদেশ কারো কাছে পদানত হবে না। তিনি বলেন,সুস্থ ও বিভক্ত রাজনীতির বিপরীতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে ১৯৯৩ সালে গণফোরাম প্রতিষ্ঠা লাভ করে। ডঃ কামাল হোসেনের সুদক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠালগ্ন থেকেই গণফোরাম সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যে লড়াইয়ে করে চলেছে।৫ আগষ্ট শেখ হাসিনার পতন ও ১৭ বছরের দুঃশাসনের অবসান শেষে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলেছে গণফোরাম। তিনি আরো বলেন,যেই দিন বাংলাদেশের গণমানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে, দুর্নীতি ও লুটপাটের বন্ধ হবে, শ্রমজীবি মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের সুব্যবস্থা হবে,
আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং শোষণমুক্ত সমাজ হবে সেই দিন ডঃ কামাল হোসেনের গণফোরাম প্রতিষ্ঠার স্বপ্ন সফল হবে।




