দিনাজপুরের বীরগঞ্জে মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।
মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর আওতায় পরিচালিত এ অভিযানে বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্লুইচগেট এলাকায় অবৈধভাবে চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার রোধে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওছার আলী এবং মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালে প্রায় ১৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, নদী-খাল ও উন্মুক্ত জলাশয়ে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি। এ কারণে আইন অনুযায়ী এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে মৎস্যসম্পদ রক্ষায় সকলকে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।












