ফরিদপুরের সদরপুর উপজেলায় জমি ও গাছ কাটা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজাদের হামলায় চাচা নিহত হওয়ার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে সদরপুর থানা ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এর আগে গত শুক্রবার (২৯ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের কাজীডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাজী সিরাজুল ইসলাম (৬২) মানিকগঞ্জে অবস্থিত বসুন্ধরা গ্রুপে কর্মরত ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাতিজা মো. কাজী মাসুদ রানা (৩৬)। তিনি সদরপুর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, জমি ও গাছ কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। হত্যার এক সপ্তাহ পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।
নিহতের ভাই বলেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা কোনো প্রতিশোধ চাই না, আমরা আইনের মাধ্যমে সঠিক বিচার চাই। হত্যাকারীরা যেন দ্রুত গ্রেপ্তার হয়ে সর্বোচ্চ শাস্তি পায়, এটাই আমাদের দাবি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িতদের সবাইকে গ্রেপ্তার করা হয়নি। এতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।











