মতলব দক্ষিণে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ গ্রেপ্তার ৬

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ১৫ মামলার আসামি ‘মেজর ডালিম’সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (৭ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই শফিকুল ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নায়েরগাঁও এলাকার রাজিয়ার ছেলে ডালিম ওরফে ‘মেজর ডালিম’ (৩০) কে ৩০ পিস ইয়াবা ও একটি জিআর পরোয়ানাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী পাঠান গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে বদরপুর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মনির মোল্লার ছেলে মো. আল-আমিন (২৫) ও দেলোয়ার প্রধানের ছেলে মো. আতিক প্রধানকে (২১) গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে উপাধি এলাকা থেকে শিপন (২৭) এবং নলুয়া এলাকা থেকে মামুন মৃধাকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ডালিম ওরফে ‘মেজর ডালিমের’ বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকলে একদিন মাদকমুক্ত হবে মতলব দক্ষিণ উপজেলা—এমন প্রত্যাশা স্থানীয়দের।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top