২৪শে অক্টোবর সোনারগাঁও থানায় নিহত জহিরুল ইসলাম জহির ফকিরের ভাগ্নে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ২১শে অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১০টায় নিজ প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর গ্রামের বাসিন্দা এবং কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির ফকির সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় সন্ত্রাসীদের হাতে নিহত হন।
আনুমানিক ২৫ জনের একটি সন্ত্রাসী দল তাকে এলোপাতারি কুপিয়ে মারাত্মক জখম করে, পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় জহির ফকিরকে মুন্সিগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মামলায় কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে আসামী করা হয়েছে, জানা যায় ছাত্রদল নেতার সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীতা নিয়ে জহির ফকিরের বিরোধ চলছিলো।
জহির ফকির কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, যুবদল নেতা হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরো পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।




