ঝালকাঠির রাজাপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মো. জামাল হোসেনকে (২৩) বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস। এর আগে শুক্রবার তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর রাতে রাজাপুর থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তার জামাল হোসেন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের মো. মকিম হোসেনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল দুপুরে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় মিলন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে ৫ এপ্রিল রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।
মামলায় জামাল হোসেনকে দুই নম্বর আসামি করা হলেও পুলিশের দাবি, তিনি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার বিদেশ যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের সদস্যরা জামাল হোসেনকে আটক করেন। পরে বিষয়টি রাজাপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ বিমানবন্দরে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হত্যা মামলার আসামি জামাল হোসেনকে গ্রেপ্তার করে রাজাপুর থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।”




