শেয়ার করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসে আগুন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা জননী পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। বাসটি পুড়ে যাওয়ার পাশাপাশি পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

লক্ষ্মীপুরের রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটির মালিক স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি সড়কের পাশে পার্কিং করে চলে যান। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার হেলাল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও তিনি ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসমালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে।

দোকানমালিক ইউছুফ আলী বাবু জানান, বাসটি সেখানে পার্কিং করতে নিষেধ করা হলেও চালক তা শোনেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। বাসের একটি সিটের ওপর কয়েল দেখতে পাওয়া গেছে। এ কারণে প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি নাশকতা না অন্য কিছু, বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top