চলতি মাসে তাইওয়ানের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে, এমন একটি সমন্বিত সামাজিক যোগাযোগমাধ্যম প্রচারণার সন্ধান পেয়েছেন গবেষকেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এই প্রচারণা পরিচালিত হচ্ছে।
চীনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে, এমন কিছু ভুয়া অ্যাকাউন্ট চীনা কমিউনিস্ট পার্টির নীতি ও অবস্থানের সমর্থনে বিভিন্ন বার্তা প্রচার করছে।
যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তাদের ও বিশেষজ্ঞদের মতে, ঐতিহ্যগতভাবে চীনের তথ্যভিত্তিক প্রভাব বিস্তারের কার্যক্রমে কৌশলগত দক্ষতার অভাব ছিল। তবে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে, নিজেদের পদ্ধতির উন্নয়নে চীন এআই ব্যবহার করেছে এবং সম্ভবত রাশিয়ার প্রচেষ্টাগুলোও পর্যালোচনা করেছে।
আগামী ২৮ নভেম্বর তাইওয়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বীপটির বিভিন্ন শহর ও কাউন্টিতে ১১ হাজারের বেশি পদে প্রতিনিধি নির্বাচনের জন্য এ ভোট হবে। স্বশাসিত গণতান্ত্রিক অঞ্চল তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর ও নভেম্বর মাসে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ভোটকে প্রভাবিত করার লক্ষ্যে পরিচালিত ‘প্রচলিত, হাইব্রিড এবং এআই-চালিত অসৎ কার্যক্রম’ পর্যবেক্ষণ করেছেন।
গত বছর ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চীনা প্রতিষ্ঠান গোলোক্সির (GoLaxy) এমন একটি উদ্যোগের সন্ধান পেয়েছিলেন, যার লক্ষ্য ছিল উন্নতমানের বিভ্রান্তিকর তথ্য প্রচারণা পরিচালনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম তৈরি করা। তাইওয়ানের অলাভজনক সংস্থা ডাবলথিংক ল্যাবের (Doublethink Lab) সঙ্গে কাজ করে গবেষকেরা চীনের ক্রমবর্ধমান এআই-চালিত প্রভাব বিস্তার কার্যক্রমের প্রমাণ খুঁজতে শুরু করেন।
গবেষণায় ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে তৈরি একটি নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ইংরেজি ও চীনা—উভয় ভাষায় এআই দিয়ে তৈরি পোস্ট এবং অন্যান্য অসৎ উপকরণ শনাক্ত করতে সক্ষম এই প্রযুক্তি।
ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল সিকিউরিটির উইকড প্রবলেমস ল্যাবের পরিচালক ব্রেট জে. গোল্ডস্টেইন বলেন, গবেষক দল ‘মানুষ ও এআই পরিচালকদের লেখার ভঙ্গি এবং শব্দ ব্যবহারের পছন্দের মধ্যে সূক্ষ্ম পার্থক্য খুঁজে বের করার পদ্ধতি তৈরি করেছে।’
তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে আপাতদৃষ্টিতে পরস্পর সম্পর্কহীন অ্যাকাউন্টগুলোর মধ্যে এমন কিছু ধরন শনাক্ত করা সম্ভব হয়েছে, যেগুলো রাজনৈতিক বয়ান প্রচার করছিল।’
গবেষকদের তৈরি প্রযুক্তি এবং গবেষক দল বেইজিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু অসৎ অ্যাকাউন্ট শনাক্ত করেছে। এসব অ্যাকাউন্টের কোনোটি খাবার, প্রাণী কিংবা তারকাদের মতো অরাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট করছিল। আবার কোনোটি যৌন আবেদনময় ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ফিড তৈরি করছিল, যেগুলো ‘থার্স্ট ট্র্যাপস’ নামে পরিচিত।
বিনোদনকেন্দ্রিক এসব ফিডের অন্যান্য পোস্টের ফাঁকে ফাঁকে চীনের সমর্থনে কিংবা চীনের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে বিভিন্ন বার্তা প্রচার করা হচ্ছিল।
তথ্যসূত্র: nytimes




