চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজয়-২৪ হলের একটি কক্ষে এক ছাত্রীকে আটকে রেখে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে একই হলের তিন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান তার রুমমেটরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তিন শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মোনালিসা মিতা নূর, পদার্থবিজ্ঞান বিভাগের তাহরিমা আক্তার ওমি এবং হিসাববিজ্ঞান বিভাগের সামিয়া। তাঁরা সবাই ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী ২০২২–২৩ শিক্ষাবর্ষের।
ভুক্তভোগীর অভিযোগ, তাঁর মাকড়সাভীতি থাকার বিষয়টি জানতেন অভিযুক্তরা। এ বিষয়টি কাজে লাগিয়ে তাঁকে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। সেখানে আগে থেকে আটকে রাখা একটি বড় মাকড়সা তাঁর সামনে ছেড়ে দেওয়া হয়। এতে তিনি ভয়ে চিৎকার ও কান্নাকাটি শুরু করেন। এ সময় অভিযুক্তরা হাসিঠাট্টা ও টিটকারি করেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘২৩ তারিখ রাত আনুমানিক ১০টায় আমাকে মিতানুর আপু ডেকে নিয়ে যায় রুম থেকে। আমার মাকড়সার ফোবিয়া আছে, তা ওরা জানে। তাদের ব্যবহার দেখে আমি ধারণা করেছিলাম যে এমন কিছু হতে পারে। আমি তাই বারবার জিজ্ঞেস করলেও তারা অস্বীকার করে যে এমন কিছু না। এরপর তারা আমাকে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়। সেখানে তাহরিমা আপু, সামিয়া আপু আগে থেকেই অপেক্ষা করছিল। তারা আমার সামনে আগে থেকে আটকে রাখা বড় মাকড়সা ছেড়ে দেয়। আমি ভয়ে চিৎকার করতে থাকি এবং কান্না করতে থাকি।’
তিনি আরও বলেন, ‘তারা তা নিয়ে হাসিঠাট্টা করে এবং অনেক ধরনের টিটকারিমূলক কথা বলতে থাকে। কিছুক্ষণ পর আমি সবাইকে পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে যাই। এরপর আমি অনেক অসুস্থ হয়ে যাই, চারবার বমি করি। যার কারণে রাতেই শারীরিক অবনতির জন্য আমার রুমমেটরা আমাকে মেডিকেলে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে আমাকে ওষুধ দেন। আপাতত আমি চিকিৎসাধীন আছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি।’
ভুক্তভোগীর আরও অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা ‘মরে গেলেই ভালো হতো’—এ ধরনের মন্তব্য করেছেন। তাঁর রুমমেটরাও এসব কথা শুনেছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় হলে নিজেকে নিরাপদ মনে করছেন না জানিয়ে ভুক্তভোগী বলেন, অভিযুক্তরা হলে থাকলে নিরাপত্তার কারণে তাঁকে হল ছাড়ার সিদ্ধান্ত নিতে হতে পারে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোনালিসা মিতা নূর বলেন, ‘জি, আমরা প্রক্টর স্যারের সঙ্গে কথা বলেছি। আপনি একটু আগে আমার রুমমেটকে কল দিয়েছেন, আর আপনি যাকে কল দিয়েছেন সে এতে ইনভলভই ছিল না। যে প্র্যাঙ্ক আমরা করেছি, সেটা হলো আমি আর আমার ফ্রেন্ড সামি। আমার মতবাদ হলো, আমরা জাস্ট ফান করছি জিনিসটা। কারণ ও ভয় পায়, এটা জেনেই আমরা জাস্ট ফান করছি।’
অভিযুক্ত তাহরিমা আক্তার ওমি বলেন, ‘সরি, এ ব্যাপারে আমি ইনভলভ না। ওর সঙ্গে আমরা একটু মজা করেছি। এ ব্যাপারে আমাদের প্রক্টর স্যার আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলেছি অলরেডি। ব্যাপারটা সলভের দিকে যাচ্ছে। আমরা ওর কাছে গিয়েছিলাম। ওর অবস্থা আসলেই খারাপ ছিল। কিন্তু ব্যাপারটা এত বড় হবে, একচুয়ালি এটা আমরা ধারণাই করতে পারিনি। আর ও যখন ভয় পেয়েছে, আমরা তখন কনসোলও করছি।’
এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. ফিরোজা আক্তার খানম বলেন, ‘এ ব্যাপারে দুই পক্ষকেই ডেকেছি এবং এটার সলিউশন করে আমি আপনাকে বলতে পারব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের ডাকব।’




