গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে, শহীদ ওসমান হাদি আগেই সেই আশঙ্কার কথা বলেছিলেন এবং আজ তার সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ১০ মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র এখনো ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি; বরং বিচারের দাবি আড়াল করতে তার ‘চরিত্রহননের’ অপচেষ্টা চালানো হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এসব কথা বলেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের বলেন, গতকালও গোপালগঞ্জে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে (এসআরবি কোম্পানি কমান্ডার) জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রশাসনে দায়িত্বরত অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গোপালগঞ্জের সহিংসতায় মদদ দিয়েছেন। গোপালগঞ্জ নিয়ে শহীদ ওসমান হাদি যে সতর্কবার্তা দিয়েছিলেন, তা আজ সত্য প্রমাণিত হয়েছে। তিনি আরো বলেন, এতদিন ধরে যে ‘সুশীলপনা’ দেখানো হয়েছে, তা দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব নয়।
হত্যাকাণ্ডের বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, জনগণের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যখনই ওসমান হাদি হত্যার বিচার ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়, তখনই একটি মহল তার অবদান কী—এমন প্রশ্ন তোলে। এর মধ্য দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কণ্ঠ উচ্চারণকারী একজন দেশপ্রেমিকের যাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।
সুশীল সমাজ ও রাজনৈতিক মহলের সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, রাষ্ট্র ১০ মাসেও কেন এই হত্যার বিচার নিশ্চিত করতে পারল না, সেই প্রশ্ন না তুলে ওসমান হাদির ক্ষোভের বহিঃপ্রকাশকে সামনে এনে তাঁকে ‘গালিবাজ’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। অথচ সংসদে বিএনপির একজন সংসদ সদস্যই বলেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শহীদ ওসমান হাদিকে ধারণ করেন। ‘বিপদে পড়লে মানুষ চেনা যায়’—উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সেটিই স্পষ্ট হয়ে উঠছে।
শহীদ ওসমান হাদিকে কেবল রাজপথের কর্মী নন, বরং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কবি ও দার্শনিক হিসেবে অভিহিত করে তিনি বলেন, তার বক্তব্য আজকের সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চ কেবল এই হত্যার বিচারই চায় না, বরং কাদের স্বার্থে ও কোন কারণে তাকে হত্যা করা হলো তা-ও জাতির সামনে উন্মোচন করতে চায়।
সবশেষে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির সাংস্কৃতিক ও আধিপত্যবাদবিরোধী লড়াইকে জাগ্রত করার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের ঠিকানা খুঁজে পাওয়া গেছে। কেবল ক্ষমতা থেকে স্বৈরাচারকে সরানোই নয়, বরং মানুষের মনস্তত্ত্বের পরিবর্তন ঘটাতে একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলাই ইনকিলাব মঞ্চের মূল লক্ষ্য।




