চীনের অর্থনীতি সত্যিই অনন্য। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শক্তি চীনের দুর্বলতা কেবল সেই নিম্ন মূল্যস্ফীতি নয়, যার কথা বারবার শোনা যাচ্ছে। বরং দেশটির কর্তৃপক্ষ যে ধরনের মূল্যস্ফীতি মোকাবিলা করছে, সেটিই মূল সমস্যা। কারণ, মূল্যস্ফীতি বাড়ছে ভুল জায়গায়।
কারখানা থেকে পণ্য বের হওয়ার সময় সেগুলোর দাম বাড়ছে। এর প্রধান কারণ ইরান যুদ্ধের ফলে জ্বালানি ব্যয়ের আকস্মিক বৃদ্ধি। তবে চীন যে অতিমাত্রায় কম মূল্যস্ফীতির ঝুঁকি পুরোপুরি এড়াতে পেরেছে, তা বলা কঠিন। সমস্যা হলো, পণ্যের উৎপাদন পর্যায়ে দাম বাড়লেও সেই বৃদ্ধি ভোক্তাদের পণ্য ও সেবার জন্য পরিশোধ করা দামে প্রতিফলিত হচ্ছে না।
এই পরিস্থিতিও অতিরিক্ত উচ্চ মূল্যস্ফীতির মতোই প্রায় উদ্বেগজনক। বৈশ্বিক আর্থিক সংকট থেকে শুরু করে কোভিড-১৯ মহামারি পর্যন্ত সময়ে জি-৭ জোটভুক্ত দেশগুলোর কর্তৃপক্ষ বিপুল পরিমাণে মুদ্রানীতি শিথিল করে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করেছিল। তবে ইতোমধ্যে দুর্বল হয়ে পড়া অর্থনীতির সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যানে উল্লেখযোগ্য অবনতি দেখা গেলেও বেইজিংকে সে পথে হাঁটার জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে না।
বেইজিংয়ের নীতিনির্ধারকদের সামনে অন্য বড় অর্থনীতিগুলোর তুলনায় ভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) উদ্বিগ্ন যে, মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে তাদের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে থাকলে তা পরিবারগুলোর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্থায়ীভাবে প্রভাব ফেলতে পারে। মহামারির পর থেকে মূল্যস্ফীতি এই মাত্রার ওপরেই রয়েছে। অন্যদিকে, চীনের পিপলস ব্যাংক অব চায়নার (পিবিওসি) উদ্বেগ হওয়া উচিত এর ঠিক বিপরীতমুখী পরিস্থিতি নিয়ে।
মূল্যপতন বা ডিফ্লেশন ঠেকাতে চীনকে এখনো অনেক কাজ করতে হবে। অক্টোবরে উৎপাদক পর্যায়ের মূল্যসূচক (পিপিআই) আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ। পণ্যসামগ্রীর ব্যয় বৃদ্ধির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বিপরীতে, ভোক্তা পর্যায়ের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭ শতাংশে, যা পূর্বাভাসের চেয়েও খারাপ।
অর্থনীতিবিদেরা একে ‘খারাপ মূল্যস্ফীতি’ বলে অভিহিত করেন। দেশের অভ্যন্তরীণ চাহিদার সুস্থ বৃদ্ধির পরিবর্তে বিশ্বের অন্যত্র ঘটে যাওয়া ঘটনার প্রভাবে কাঁচামালের দাম বাড়লে এ ধরনের মূল্যস্ফীতি তৈরি হয়। তাঁদের যুক্তি, এ ধরনের মূল্যবৃদ্ধি টেকসই নয়। যখন তা কমে আসবে, তখন মূল্যপতনের চাপ আবারও নীতিনির্ধারকদের প্রধান অগ্রাধিকারে পরিণত হবে।
কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কি সঠিক সংকেতগুলো আমলে নিচ্ছে? সামগ্রিক অর্থনীতিতে এখন প্রণোদনা দেওয়া প্রয়োজন। অক্টোবরে শিল্প উৎপাদন ও খুচরা বিক্রিতে প্রবৃদ্ধি হলেও তা প্রত্যাশার তুলনায় কম ছিল। বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ সূচক কমেছে এবং আবাসন খাতে বাড়ির দাম কমার প্রবণতাও অব্যাহত রয়েছে।
এই অসম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হলে স্বল্প মেয়াদে অর্থনীতি স্থবির হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। পাশাপাশি দীর্ঘ মেয়াদে অর্থনীতির গতিপথেও তেমন কোনো পরিবর্তন আসবে না। চলতি বছর প্রবৃদ্ধি সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি থাকবে। লক্ষ্যমাত্রাটি বার্ষিক ৫ শতাংশের সামান্য কম। তবে আগামী বছরগুলোতে প্রবৃদ্ধির হার আরও কমতে থাকবে।
পরবর্তী দশকের শুরুতে প্রবৃদ্ধি ৩ থেকে ৪ শতাংশে নেমে আসা অস্বাভাবিক কিছু নয়। এমনকি ২০৩০-এর দশকে তা ধীরে ধীরে কমে প্রায় ২ শতাংশে পৌঁছালেও অবাক হওয়ার কিছু থাকবে না। মাত্র এক প্রজন্ম আগেও যে দ্রুতগতির অর্থনৈতিক কর্মকাণ্ড চীনকে বিশ্বের ঈর্ষার কারণ করে তুলেছিল, ভবিষ্যতের অর্থনীতি তার সঙ্গে খুব একটা সাদৃশ্যপূর্ণ হবে না।
সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এক সম্মেলনে উন্নত অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলোর প্রধানেরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। চলতি মাসে ফেডারেল রিজার্ভ, ব্যাংক অব ইংল্যান্ড এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আরও সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। জাপান ব্যাংকও সুদের হার আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে বলে ইঙ্গিত দিয়েছে। কয়েক দশক ধরে ঋণ গ্রহণের ব্যয় অত্যন্ত কম থাকার পর ২০২২ সালে তারা সুদের হার বাড়ানো শুরু করে।
বেইজিং দীর্ঘ সময়ের জন্য এ ধরনের বার্তায় সম্মতি দেবে না। পিবিওসি গত ১৮ মাসে সুদের হার পরিবর্তন করেনি। রাজস্বনীতি কিছু ঘাটতি পূরণ করেছে ঠিকই, তবে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শুধু তা-ই নয়, পিবিওসি যে শিগগিরই স্বস্তিমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে, এমন কোনো ইঙ্গিতও দেয়নি। বরং আগের কয়েক মাসে মুদ্রানীতি শিথিল করার যে আভাস দিয়েছিল, সাম্প্রতিক সময়ে সেখান থেকেও সরে এসেছে ব্যাংকটি। সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে পিবিওসি জোর দিয়ে বলেছে, বন্ডের সুদহারসহ অর্থায়নের বিভিন্ন শর্ত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখনো শিথিল। এর মাধ্যমে আপাতত নীতিনির্ধারণী সুদের হার কমানোর কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছে ব্যাংকটি।
অবশ্য পরিস্থিতির আরও অবনতি হলে পিবিওসির অবস্থান পরিবর্তন হতে পারে। ব্যাংকটি স্বচ্ছতা কিংবা স্বাধীনতার ক্ষেত্রে আদর্শ কোনো প্রতিষ্ঠান নয়। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আগে কোনো সিদ্ধান্ত নিতে কর্মকর্তারা অনিচ্ছুক। কারণ, তাঁর অনুমোদন না থাকলে পরে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে হতে পারে।
শি জিনপিং বিভিন্ন সময়ে আরও শক্তিশালী কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তার কথা বলেছেন। এমন একটি ব্যাংক, যার লক্ষ্য হতে পারে বিশ্বজুড়ে ফেডারেল রিজার্ভের মতো প্রভাব বিস্তার করা। হয়তো ওয়াশিংটনের কাছে এমন একটি প্রতিষ্ঠান কেবল মর্যাদার প্রতীক নয়। অতীতেও ফেডের নীতিনির্ধারকেরা সামান্যতম মূল্যপতনের লক্ষণও মেনে নিতে অনিচ্ছুক ছিলেন।
কথার সঙ্গে কাজের মিল দেখানোর জন্য এটাই উপযুক্ত সময়।
তথ্যসূত্র: japantimes




