গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সকালে সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লাবু, নিরব ও রহমত উল্লাহ। এই ঘটনায় স্বাধীন নামে আরেক অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। অভিযুক্ত সবার বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে। এদের মধ্যে তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং একজনের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে ওই কিশোরী ফোনে কথা বলার জন্য ঘর থেকে বাড়ির উঠানে বের হয়। এ সময় ওত পেতে থাকা চার যুবক তাকে জোরপূর্বক অপহরণ করে কাছের একটি বিলের পাশের ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, অভিযুক্তদের থানায় আনা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর চাচা ফিরোজ কবীর বাদী হয়ে সাঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।











