জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে এবার পূর্ণাঙ্গ জিমনেসিয়াম গড়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংসদের ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহারের বিশেষ উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনে বরাদ্দকৃত ১,০৪,০০০ (এক লক্ষ চার হাজার) টাকার বাজেটে নতুন সরঞ্জাম ক্রয় সম্পন্ন হয়েছে।
ক্রয়কৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ২টি ট্রেডমিল, ১টি টেবিল টেনিস বোর্ড, ৬টি ব্যাট ও বল, ১ সেট নেট ও পোস্ট, ১টি স্পিনিং বাইক, ৬টি ইয়োগা ম্যাট, ৪টি জিম বল, ৩ সেট ভিটিডি ডাম্বেল, ১টি পুল-আপ বার, ১টি চেস্ট পুল এবং ১টি বক্সিং ব্যাগ।
এ প্রসঙ্গে ক্রীড়া সম্পাদক সাবিকুন নাহার বলেন, “যেই হলে একসময় একটা লুডু বোর্ড পর্যন্ত ছিল না, সেখানে একটি পূর্ণাঙ্গ জিমনেসিয়ামের যন্ত্রপাতি আনা কতটা কষ্টসাধ্য, তা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের জন্য আমি আমার সাধ্যের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনের সময় আপনাদের দেওয়া প্রতিটি ইশতেহার একে একে বাস্তবায়ন করাই এখন আমার মূল লক্ষ্য।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এটি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।











