বরিশালের বানারীপাড়া পৌরসভার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশালে আদালতে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে বানারীপাড়া পৌরসভার তিন বারের সাবেক মেয়র ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে রাজনৈতিক হয়রাণিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
প্রায় ৮০ বছর বয়সের একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়রকে গভীর রাতে গ্রেপ্তার করে হয়রাণিমূলক মামলায় আসামি করার ঘটনায় বানারীপাড়ার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার গ্রেপ্তারের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশ বরণ্যে সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।












