জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আড়ালে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সমিতির পরিচালক ও মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।

এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেফতার করে। পরে সন্ধ্যায় মাদারগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্র জানায়, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকেরা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সমিতির পরিচালকদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা করেন। এসব মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তিনি।

সমিতির তথ্য অনুযায়ী, আল-আকাবার মোট গ্রাহক ১২ হাজার ৬৬১ জন। তাদের আমানতের পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

র‍্যাব-১৪-এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় বলেন, র‍্যাবের হাতে গ্রেফতারের পর আব্দুল ওয়াহেদকে থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *