সাম্প্রতিক
হাসনাতের দাপটে আক্রান্ত এক দিনমজুর পরিবার বিএনপি নেতার ছেলের মোটরসাইকেল আটক করায় পুলিশ বক্স ঘেরাও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২৬ ,প্রেস রিলিজ সাতক্ষীরায় সাইবার টিম কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর নওগাঁর মান্দায় দাবি মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ৭ হাজার ৪২০টি গাছের চারা বিতরণ এক সপ্তাহের ব্যবধানে তিন ডিসি বদলি, সিলেটে নানা আলোচনা-সমালোচনা ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন মনোহরদীতে এল.কে. ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর

নওগাঁর মান্দায় দাবি মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ৭ হাজার ৪২০টি গাছের চারা বিতরণ

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানের বাস্তবতা। দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত, তাপমাত্রা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের এই জনপদে পরিবেশগত সংকট আরও তীব্র হচ্ছে। এমন বাস্তবতায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর মান্দায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৭ হাজার ৪২০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৪৮৪ জন শিক্ষার্থী ও শিক্ষককে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হয়। আন্তর্জাতিক সংস্থা গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রট (ইসিসিসিপি-ড্রট)’ প্রকল্পের আওতায় দাবী মৌলিক উন্নয়ন সংস্থা এ কর্মসূচি বাস্তবায়ন করে।
রোববার দুপুরে মান্দা উপজেলার মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।
বিশেষজ্ঞদের মতে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি দৃশ্যমান। অনাবৃষ্টি, অতিরিক্ত তাপপ্রবাহ এবং পানির সংকট কৃষিনির্ভর এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকাকে ক্রমাগত ঝুঁকির মধ্যে ফেলছে। এ অবস্থায় পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে ব্যাপক বৃক্ষরোপণকে অন্যতম কার্যকর উপায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বরেন্দ্র অঞ্চলে ক্রমেই প্রকট হচ্ছে। তীব্র খরা এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া আমাদের জন্য উদ্বেগের বিষয়। এ সংকট মোকাবিলায় নতুন প্রজন্মকে এখন থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে। প্রত্যেকে যদি অন্তত পাঁচটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।”
দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার জানান, গত ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চারটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারা বিতরণ করা হয়।
এর মধ্যে খুদিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১১ জনের মধ্যে ৫৫৫টি, পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪২৬ জনের মধ্যে ২ হাজার ১৩০টি, সতীহাট কে.টি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ৫২৫ জনের মধ্যে ২ হাজার ৬২৫টি এবং মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪২২ জনের মধ্যে ২ হাজার ১১০টি চারা বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে এক হাজার ৪৮৪ জন শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে মোট ৭ হাজার ৪২০টি চারা বিতরণ করা হয়।
বিতরণ করা চারাগুলোর মধ্যে ছিল নিম, সফেদা, অর্জুন, মিষ্টি আমড়া ও জলপাই। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পুষ্টি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রেখে এসব চারা নির্বাচন করা হয়েছে। প্রত্যেক সুবিধাভোগীকে পাঁচটি প্রজাতির একটি করে মোট পাঁচটি চারা দেওয়া হয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এসব চারা সঠিকভাবে পরিচর্যা করে বড় গাছে পরিণত করবেন, তাদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।
দাবী মৌলিক উন্নয়ন সংস্থা জানায়, বরেন্দ্র অঞ্চলের জলবায়ু সহনশীলতা বাড়াতে বৃক্ষরোপণের পাশাপাশি আরও কয়েকটি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে পরিত্যক্ত পুকুর ও খাল পুনঃখনন, ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ (এমএআর) কার্যক্রমের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণ, কৃষকদের মধ্যে ভার্মি কম্পোস্ট তৈরির উপকরণ বিতরণ এবং গ্রামীণ নারীদের বসতবাড়িভিত্তিক সবজি চাষে সহায়তা প্রদান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি, সংস্থার নির্বাহী পরিচালক এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রতীকীভাবে চারা রোপণ করেন। পরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চারা বিতরণ করা হয়।
এ সময় দাবী মৌলিক উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক ফিরোজ আল মামুন, জোনাল ম্যানেজার হারুন অর রশীদ, প্রকল্প সমন্বয়কারী সৈয়দ ইমতিয়াজ আহমেদ, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতুসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বরেন্দ্র অঞ্চলের ক্রমবর্ধমান জলবায়ু সংকটের প্রেক্ষাপটে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচালিত এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags:

সম্পর্কিত খবর :