জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার এল.কে. ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন চন্দ্র দাস, সহকারী শিক্ষক মুহাম্মদ কামরুল হোসেন (বাংলা), মুমিনুল হক (আইসিটি), মিজানুর রহমান (কৃষি), মো. ওয়াজউদ্দিন (গণিত) এবং সোনিয়া আক্তার (জীববিজ্ঞান)। কর্মসূচিতে আরও অংশ নেন স্থানীয় ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মসূচি শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানান।











