পটুয়াখালীর দুমকি উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র্যাব-৮ এবং ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।
র্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তায় ফেলে রাখা ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬ নম্বরের একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এর নিচে বিশেষভাবে তৈরি গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত গাঁজা ও পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, একই রাতে উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন (১৯) নামে এক যুবককে আটক করে দুমকি থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের রুপাতলী এলাকা থেকে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা সাখাওয়াত হোসেনের ট্রাভেল ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ২০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
আটক সাখাওয়াত হোসেন ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার শুক্রাগড় ইউনিয়নের জয়গোরহাট গ্রামের নূর হোসেন হাওলাদারের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) তাওহিদুর রহমান মোল্লার কাছে ন্যস্ত করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইয়াবাসহ আটক আসামিকে আদালতে সোপর্দ করা হবে। মাদক পাচার ও কারবার রোধে দুমকি থানার নিয়মিত চেকপোস্ট কার্যক্রম ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।











