কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মাছ শিকার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সহশ্রম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা রেলস্টেশনসংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাসুদ উপজেলার গচিহাটা এলাকার নিমুকপুরুড়া উত্তরপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য ছিলেন এবং জীবিকার তাগিদে নিয়মিত মাছ শিকার করতেন।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মাসুদের একটি মাছ ধরার জাল চুরি হয়ে যায়। পরে নতুন জাল কিনে রোববার রাতে মাছ ধরতে বের হন। ধারণা করা হচ্ছে, রাতভর জাল পাহারা দিতে গিয়ে তিনি অসাবধানতাবশত রেললাইনের ওপর বা খুব কাছাকাছি স্থানে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
সোমবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আরিফ হক ভূঁইয়া বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইনের ওপর বা পাশে অবস্থান করার কারণে দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
মাসুদের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।











