পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বললেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে।
ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে আয়োজিত মাছ ধরা উৎসবে আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার আট মাসে কী করেছে, কী করেনি, তার মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, সেটিও মানুষ দেখছে। অন্যদিকে, যারা আজ বিক্ষোভের ডাক দিয়েছে, তারাই বিভিন্ন সময়ে লংমার্চ ও রোডমার্চ করেছে। কিন্তু উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিপরীতে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন তুলনামূলক অনেক কম ভোট। এ ফলাফলই প্রমাণ করে, বিগত দিনে বিরোধী দল যেসব কর্মকাণ্ড করেছে, তাতে জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা কমেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশব্যাপী খাল খনন ও নদী খননের উদ্যোগ গ্রহণ করেছেন। এসব প্রধানমন্ত্রী নিজে তত্বাবধান করছেন। কোন ধরনের অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। স্থানীয় জেলে ও সাধারণ মানুষেরা মৎস উৎসবে মেতে উঠেন।
এআর




